বনভূমি ২০ শতাংশে উন্নীত করতে কর্মপরিকল্পনা নেবে সরকার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৯ আগস্ট) রাজধানীর বন ভবনে এক সভায় তিনি বলেন, “নদীর চর, উপকূলীয় এলাকা ও পতিত জমিতে বনায়নের মাধ্যমে বনভূমি বাড়ানো হবে।”

সভায় উপদেষ্টা জানান, বনভূমি সংরক্ষণ ও সম্প্রসারণে বন কর্মীদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করে বন বিভাগের কার্যক্রম স্বচ্ছ ও ফলপ্রসূ করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনাঞ্চল রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে হাতি সংরক্ষণে ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ প্রকল্প হাতে নেওয়া হবে এবং অনাথ হাতিদের জন্য বিশেষ অরফানেজ স্থাপন করা হবে। এছাড়া মধুপুরে কমিউনিটি ট্যুরিজম বিকাশ ও পূর্বাচলে নেচার লার্নিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করা হয়। উপদেষ্টা বলেন, “বন আমাদের জীবনের রক্ষাকবচ। এ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের মোট আয়তনের প্রায় ১৪% বনভূমি রয়েছে বলে সরকারি তথ্য জানায়।