:: নিজস্ব প্রতিবেদক ::
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার সৌদি দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ ঘোষণা দেন।
তৌহিদ হোসেন বলেন, “যুবরাজের এ সফর বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর আগামী বছর দু’দেশের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হবে বলে জানান তিনি।
সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “৩০ লাখ বাংলাদেশি শ্রমিক সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান স্বাগত বক্তব্য দেন। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সৌদি আরবের অবদানের কথাও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :