:: নিজস্ব প্রতিবেদক ::
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার নিহত হয়েছেন। ভারতীয় সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান থেকে তথাকথিত সশস্ত্র অনুপ্রবেশকারীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) অন্ধকারে তাদের একটি পোস্টে হামলা চালানোর চেষ্টা করলে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। এ সংঘর্ষের সময়ই দুই সেনা সদস্য গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। এ ঘটনার আগের দিনও বারামুল্লায় দায়িত্ব পালনরত এক ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।
এ ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন আখাল’ নামে বিশেষ অভিযান চালাচ্ছে। গত ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এ অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত তারা পাঁচজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :