পাকিস্তানের দুই মন্ত্রীর ঢাকা সফর: দুই দিনের ব্যবধানে আসছেন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। আগামী ২১ আগস্ট থেকে চার দিনের সফরে বাংলাদেশে আসবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এর মাত্র দুই দিন পর ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরগুলো গত চার মাসে পাকিস্তানের উচ্চপর্যায়ের তৃতীয় দফা বাংলাদেশ সফর হিসেবে গণ্য হচ্ছে।

ইসহাক দারের সফর আগে থেকেই নির্ধারিত ছিল, তবে বাণিজ্যমন্ত্রীর সফর নতুন করে যোগ হয়েছে। গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের ঢাকা সফরের পর থেকেই দুই দেশের মধ্যে দেড় দশকের শীতল সম্পর্ক গরম করার প্রক্রিয়া চলছে। এবারের সফরগুলোতে রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

সূত্রমতে, বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীদের সফরের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ঢাকায় আসবেন। তিনি দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন। এই উচ্চপর্যায়ের সফরগুলো দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।