সাদাপাথর: মিল-উঠান-রান্নাঘরেও লুটের পাথর, মাটি খুঁড়ে উদ্ধার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাত ট্রাক পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। তিনি বলেন, “সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো বালু ও মাটির নিচে চাপা দেওয়া ছিল।”

বাড়ি-রান্নাঘরেও লুকানো পাথর
উদ্ধার অভিযানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রশাসন জানিয়েছে, শুধু ক্রাশার মিল নয়, বিভিন্ন বাড়ি ও রান্নাঘরের পেছনেও পাথর লুকিয়ে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “শতাধিক স্থানে লুটের পাথর মাটি চাপা রয়েছে এমন তথ্য আমাদের হাতে আছে।” গত বুধ ও বৃহস্পতিবার শতাধিক পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত পাথর ভোলাগঞ্জের সাদাপাথরে ফেরত পাঠানো হচ্ছে।

হাইকোর্টের নির্দেশনা ও চলমান অভিযান
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে লুটের পাথর উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা হয়েছে এবং ১৩০টি ট্রাক জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লুটপাটে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের পর থেকে এলাকার ক্রাশার মিলগুলো বন্ধ রয়েছে এবং অনেক মিল মালিক ও ব্যবসায়ী আত্মগোপনে রয়েছেন।