:: নিজস্ব প্রতিবেদক ::
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ পালিত হচ্ছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে দেশজুড়ে মন্দিরগুলোতে বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অত্যাচারী শক্তির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সবকটি মন্দিরে আজ বিশেষ প্রার্থনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ছুটির দিনে ভক্তরা সকাল থেকে মন্দিরগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালনে ভিড় করছেন।
উৎসব উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বিশেষ ধর্মীয় অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। ঢাকা শহরে প্রধান শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। ডিএমপি শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আপনার মতামত লিখুন :