নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমদ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, যারা বর্তমানে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র ও জনগণের স্বার্থের প্রতিপক্ষ। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে যুবদল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন তার বক্তব্যে খালেদা জিয়ার সংগ্রামী জীবন তুলে ধরে বলেন, “স্বাধীনতা যুদ্ধে বন্দিত্ব থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। শহীদ জিয়ার মৃত্যুর পর দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেন।” তিনি আরও যোগ করেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।

সালাহউদ্দিন খালেদা জিয়াকে “গণতন্ত্রের রক্ষাকবচ” আখ্যা দিয়ে বলেন, “তিনি আজও গণতন্ত্র ও স্বাধীনতার পতাকাবাহী হিসেবে আমাদের মাঝে আছেন।” মিলাদ মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্পও পুনর্ব্যক্ত করা হয়।