কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। রোববার জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অধীনে ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এসব কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। গুঞ্জন রয়েছে, তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশ ছেড়েছেন।

উল্লেখ্য, এর আগেও কর্মস্থলে অনুপস্থিতির কারণে কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও বিভিন্ন কারণে আলোচিত ডিবি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার পরিবর্তনের এক বছর পর তাকে বরখাস্ত করা হলো।