সিলেটে নতুন ডিসি সারওয়ার আলম, প্রত্যাহার হলো শের মাহবুবের দায়িত্ব


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সাদা পাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. সারওয়ার আলম, যিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযান ও জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সুপরিচিত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সোমবারের প্রজ্ঞাপনে এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

সারওয়ার আলম ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে সিলেটের ডিসি নিয়োগ করেছিল।

সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইতিমধ্যে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নতুন ডিসি সারওয়ার আলম তার পূর্ববর্তী দায়িত্বে ক্যাসিনো বন্ধ, হাসপাতাল মনিটরিং এবং হাজী সেলিমের বাড়িতে অভিযানসহ বিভিন্ন কঠোর পদক্ষেপের জন্য সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে সিলেটে প্রশাসনিক স্বচ্ছতা ফিরে আসবে বলে স্থানীয়রা আশাবাদী।