জুলাই শহীদ পরিবারের অবস্থান: আইন উপদেষ্টার পদত্যাগ চাই


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
সচিবালয়ের সামনে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় জুলাই গণহত্যার শহীদ পরিবার ও আহতরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের অবিলম্বে পদত্যাগ ও জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন বাতিলের দাবি জানান। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে সচিবালয়ের ২ নম্বর গেটে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, যার ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

আন্দোলনকারীরা “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” সহ বিভিন্ন স্লোগান দেন। শহীদ শাহরিয়ারের পিতা আবদুল মতিন অভিযোগ করেন, “এক বছর ধরে বিচার চেয়ে ঘুরছি, কিন্তু আইন মন্ত্রণালয় শুধু প্রহসন করছে।” আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আরও কঠোর আন্দোলনে নামলে পরিণতি ভালো হবে না।”

মিছিলকারীদের সচিবালয় অভিমুখে যাত্রা করতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা পুলিশের লাঠিচার্জ ও গালিগালাজের অভিযোগ তোলেন। রমনা ডিসি মাসুদ আলম জানান, দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে, তবে অবরোধে সাধারণ মানুষের অসুবিধা এর কথা স্বীকার করেন। পুলিশি আচরণের অভিযোগ তদন্তের প্রতিশ্রুতি দেন তিনি।

শহীদ আলভীর পিতা আবুল হাসান বলেন, “এই সরকার শহীদের রক্তে ক্ষমতায় এলেও আমাদের আবার রাস্তায় নামতে হচ্ছে।” জুলাই হত্যাকাণ্ডের এক বছর পরেও বিচার না পেয়ে তারা হতাশা প্রকাশ করেন। আন্দোলনকারীরা সতর্ক করে দেন, যদি দাবি না মানা হয়, তাহলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেবেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।