:: নিজস্ব প্রতিবেদক ::
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর তারই সরকারি বাসভবনে এক অজ্ঞাতনামা যুবক হামলা চালিয়েছে। বুধবার সকালে সাপ্তাহিক জনশুনানি চলাকালে ছদ্মবেশে বাসভবনে প্রবেশ করে কাগজ জমা দেওয়ার অজুহাতে মুখ্যমন্ত্রীর কাছে যান তিনি। একপর্যায়ে তিনি রেখা গুপ্তাকে চড় মারেন এবং চুল টানাটানি করেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। হামলার পর মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটার পরই নিরাপত্তা কর্মীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলাকারী একাই এই কাজ করেছেন। তবে এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিজেপি নেতা হরিশ খুরানা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তার তদন্তের দাবি জানিয়েছেন।
এই ঘটনায় দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে, যদি রাজধানীর মুখ্যমন্ত্রীই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? ঘটনার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :