:: নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি তার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। সাত পৃষ্ঠার এই প্রতিবেদনে অপরাধে জড়িত রাজনৈতিক নেতাদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের নাম উল্লেখ রয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।
গত বছরের সরকার পরিবর্তনের পর থেকে সিলেটের ভোলাগঞ্জ এলাকায় ব্যাপক হারে পাথর লুটপাটের ঘটনা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র এক বছরে প্রায় ৪০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার মধ্যে অতিমূল্যবান সাদাপাথর রয়েছে প্রায় ১০ লাখ ঘনফুট। এই বেআইনি কার্যক্রম রোধে প্রশাসনিক ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রতিবেদনে তীব্র সমালোচনা করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে পাথর লুটপাটের সাথে জড়িত ৪২ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাও রয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের অনুসন্ধানে এই সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে এই অপরাধ রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী জানান, পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও করেন, সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সিলেট সেক্টরে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :