বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে তিনি অসুস্থবোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে পূর্ববর্তী সমস্যা থাকায় শ্বাসকষ্ট ও ঘুমের সমস্যা দেখা দেয়, যা তাঁর শারীরিক অবস্থাকে জটিল করে তোলে।

শিমুল বিশ্বাসের ছেলে নিপুন বিশ্বাস জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা চিকনগুনিয়া নিশ্চিতসহ অন্যান্য সম্ভাব্য রোগ শনাক্ত করতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী, পরিবারের সদস্য ছাড়া এখনই কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, তাঁর অসুস্থতার খবরে শোকাহত হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, মেহনতি মানুষের এই অকৃত্রিম বন্ধুর সুস্থতা কামনায় দেশের সকল স্তরের দলীয় ইউনিট ও কমিটিকে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সংকটময় সময়ে দলের সর্বস্তরের নেতাকর্মী তাঁর জন্য প্রার্থনায় মিলিত হচ্ছেন।