মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৪ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। দেশটির সেলাঙ্গর রাজ্যের বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, প্রথম অভিযানটি চালানো হয় সোমবার কাজাং এলাকার একটি বিনোদন পার্কে। সেখানে ৪৬ জন অবৈধ অভিবাসী আটক হন, যার মধ্যে বাংলাদেশি পুরুষ রয়েছেন। পরদিন মঙ্গলবার বালাকংয়ের একটি কারখানা ও পুচংয়ের একটি সুপারমার্কেটে দ্বিতীয় অভিযানে আরও ৪৮ জন আটক হন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটকদের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে। তারা সকলেই ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। অনেকেই পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি এড়াতে পারেননি।

মহাপরিচালক জাকারিয়া স্পষ্টভাবে জানিয়ে দেন, “অবৈধ অভিবাসীদের প্রতি জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” পাশাপাশি অবৈধ কর্মী নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।