কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে চারজনের মৃত্যু


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মৃত্যুর নির্মম থাবায় মুহুর্তেই ভেঙে পড়ল একটি পরিবার। কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সংলগ্ন বিশ্বরোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি লরি প্রাইভেটকারটির উপর উঠে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা সবাই বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের একই পরিবারের সদস্য। তারা হলেন পরিবারের প্রধান মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং তাদের দুই পুত্র আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। জানা গেছে, প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। একটি যানবাহন কীভাবে মুহুর্তেই কেড়ে নিতে পারে একটি পরিবারের চার প্রাণ, এই প্রশ্ন আর হাহাকার রেখে গেল কুমিল্লার সেদিনের সেই সড়কেই।