:: নিজস্ব প্রতিবেদক ::
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে। একইসঙ্গে সীমানা নির্ধারণের শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এবং ভোটকেন্দ্র বাছাইয়ের কাজও অব্যাহত আছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, পূর্বে যেসব নির্বাচন কর্মকর্তারা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এবার দায়িত্বে থাকবেন না। পাশাপাশি বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে, এবং ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও উন্নতি হবে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে, যেন অস্ত্রবাজি করে কেউ নির্বাচনে জয়ী হতে না পারে।
আপনার মতামত লিখুন :