:: নিজস্ব প্রতিবেদক ::
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মেহেদী হাসান।
তিনি জানান, বেতন বকেয়ার দাবিতে শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আউটগোয়িং রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকদের এ কর্মসূচির কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় মাসুদ গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাখালী-উত্তরামুখী রুট অবরোধ করেছে। ফলে আউটগোয়িং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে উত্তরা থেকে ঢাকামুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :