হিজাব বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা সাময়িক বরখাস্ত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করার অভিযোগে শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় ২৪ আগস্ট, যখন ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রী হিজাব পরে ক্লাসে আসে। অভিযোগ অনুযায়ী, শিক্ষিকা তাদের ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মতো’ হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেন এবং অসভ্য আচরণ করেন।

ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা জানান, তাদের সন্তানরা প্রতিদিনের মতোই হিজাব পরে স্কুলে গিয়েছিল। তবে ঘটনার পর শিক্ষিকা ফজিলাতুন নাহার দাবি করেন, তিনি হিজাব পরতে নিষেধ করেননি, বরং সঠিকভাবে হিজাব পরার নির্দেশ দিয়েছিলেন এবং কয়েকজন শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাসের বাইরে দাঁড় করানোর ব্যবস্থা করেছিলেন।

স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এডহক কমিটির সুপারিশে শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, আগামী সাত কার্যদিবসের মধ্যে ফজিলাতুন নাহারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে, যাতে জানা যায় কেন স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে না।