আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের অনুমতি দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। বুধবার (২৭ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে চারটি আবেদন করেছিল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে জাতীয় সংসদে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে হাইকোর্টে রিট আবেদন করা হলেও ২০০৪ সালে হাইকোর্ট তা বৈধ ঘোষণা করে। এরপর আপিলের প্রক্রিয়ায় ২০১১ সালে সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। গত বছর সরকারের পরিবর্তনের পর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন।
আপনার মতামত লিখুন :