সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে: রিজভী


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের এখনও সংশয় রয়েছে। তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে, তারা সুচারু প্রস্তুতি নিয়ে সুষ্ঠু ভোট আয়োজনের চেষ্টা করছে। রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সীমানা পুনর্নির্ধারণ এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয় আলোচনা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট আসন বা পদ নিয়ে আলাপ হয়নি। তিনি মন্তব্য করেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারের দোসররা এখনও রয়ে গেছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে কমিশনের প্রস্তুতি কী, তা জানার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মত থাকতে পারে। পিআর (পার্টি লিস্ট) পদ্ধতির চ্যালেঞ্জ নিয়েও কমিশনের সঙ্গে মতবিনিময় হয়েছে। রিজভী আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ওপর হামলা নিন্দনীয় এবং এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

নির্বাচন কমিশনের নিবন্ধন প্রসঙ্গে রিজভী জানান, কে নিবন্ধন পাবে বা পাবে না, তা সম্পূর্ণ কমিশনের এখতিয়ার।