বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন। রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকেরা অবরুদ্ধ হন এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ অবস্থা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা “এক পেশায় এক ডিগ্রি” দাবি মেনে নেওয়ার জন্য মিলনায়তনে তালা ঝুলিয়ে শিক্ষকরা অবরুদ্ধ করেছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, কম্বাইন্ড ডিগ্রির জন্য একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা কোর্স কারিকুলাম প্রণয়ন করবেন। আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। ইতিমধ্যেই যারা ভর্তি হয়েছেন, তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড কোর্সে অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ২৫ জুলাই থেকে তারা কম্বাইন্ড ডিগ্রির জন্য আন্দোলন চালাচ্ছেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “শিক্ষকবৃন্দের বর্তমান সিদ্ধান্ত আমাদের দাবিকে পূরণ করে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরা যোগ করেন, “এক পেশায় এক ডিগ্রি না হলে ভবিষ্যতে চাকরিতে সমস্যা হবে। আমাদের একটাই দাবি—এক পেশায় একটি ডিগ্রি।”
আপনার মতামত লিখুন :