বাকৃবির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলপথ অবরোধ করেছেন। এর ফলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আব্দুল জব্বার মোড়ে বসে ছয় দফা দাবির পক্ষে স্লোগান দেন। এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসে পৌঁছে।

আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, বহিরাগতদের হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করছেন তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ও নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে আছে, এতে যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে।