প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী-মাতারবাড়ী শুধু গভীর সমুদ্রবন্দর নয়, বরং একটি নতুন শহরের জন্ম হবে সেখানে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়িত হবে—প্রথম ধাপ ২০২৫-২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০-২০৪৫, এবং তৃতীয় ধাপ ২০৪৫-২০৫৫। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপিতে যুক্ত হবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ব্লু ইকোনমি গড়ে তুলতে হবে। সমুদ্র হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। ওই এলাকা হবে আন্তর্জাতিক কানেক্টিভিটির কেন্দ্র।”
তিনি গভীর সমুদ্র গবেষণা, আন্তর্জাতিক মানের ট্রেইনিং ফ্যাসিলিটি, একাডেমিয়া গড়ে তোলা এবং ওশান ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে পরিবেশ ও বন সংরক্ষণ, ইকো-ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা বলেন, “বনভূমির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে হবে।”
👉 মহেশখালী-মাতারবাড়ী প্রকল্প শুধু অবকাঠামো নয়, বরং দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :