মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও ইতালীয় ব্র্যান্ড জর্জিও আরমানি-এর প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বৃহস্পতিবার বিবিসি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

আরমানি আধুনিক ফ্যাশন দুনিয়ায় ছিলেন ইতালীয় স্টাইল ও সৌন্দর্যের প্রতীক। পুরুষ ও নারীদের পোশাককে নতুনভাবে কল্পনা করে তিনি এনে দেন অভিনবত্ব ও মর্যাদার ছোঁয়া। একটি ক্ষুদ্র ফ্যাশন হাউস থেকে শুরু করে তাঁর প্রতিষ্ঠান আজ বিস্তৃত হয়েছে সৌন্দর্যপণ্য, সুগন্ধি, সঙ্গীত, খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেল পর্যন্ত। ব্যবসায়ী হিসেবেও তিনি ছিলেন সফল—প্রতিষ্ঠানটির বাৎসরিক আয় ছাড়িয়েছে ২০০ কোটি পাউন্ড।

ফ্যাশন জগতে তাঁর অবদান স্মরণ করে ইতালীয় ডিজাইনার ডোনাটেলা ভার্সেস বলেন, “বিশ্ব আজ এক মহৎ মানুষকে হারাল, তিনি ইতিহাস সৃষ্টি করেছেন এবং চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।”

আরমানির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোম্পানি, নতুন সংগ্রহ এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে নিরলসভাবে কাজ করে গেছেন।

ফ্যাশনকে নৈতিকতায় রূপ দেওয়া এই ডিজাইনার ২০০৬ সালে আলোচনায় আসেন, যখন অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত মডেল আনা ক্যারোলিনা রেস্টনের মৃত্যুর পর তিনি প্রথম ডিজাইনার হিসেবে কম ওজনের মডেলদের র‌্যাম্পে নিষিদ্ধ করেন।