জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে, যেখানে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের মতামত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রামাণ্যচিত্র, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, ফিল্ম ও বুকলেট তৈরি করা হয়েছে।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে। এরাই দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি জিয়া জানান, নির্বাচনী সময়ে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে। এ উদ্যোগকে তিনি দেশের নির্বাচনী ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

সূত্র : বাসস