:: নিজস্ব প্রতিবেদক ::
আজ শুক্রবার ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে স্মরণীয় ও পবিত্র, কারণ এ দিনেই জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত, শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এবং একই দিনে ইন্তেকাল করেন তিনি।
৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কায় কুরাইশ বংশে জন্ম নেন বিশ্বনবী (সা.)। তাঁর আবির্ভাবের আগে আরব ছিল অরাজকতা, হানাহানি ও অন্ধকারে নিমজ্জিত। আইয়ামে জাহেলিয়াতের সেই যুগে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে মানুষ মূর্তিপূজা ও নানা অপকর্মে লিপ্ত ছিল। মানবতার মুক্তি ও সত্যের দিশা দিতে মহান আল্লাহ তাঁকে প্রেরণ করেন।
মহানবী (সা.) এর নবুয়ত লাভ, জীবনদর্শন ও ন্যায়-সাম্যের শিক্ষা আজও মানবতার পথপ্রদর্শক। তাঁর শিক্ষা শুধু ধর্মীয় নয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বত্র সমানভাবে প্রযোজ্য।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, বিএনপি নেতৃবৃন্দসহ জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা বাণী দিয়েছেন। তাঁরা সবাই নবীজির আদর্শে মানবিক সমাজ, সাম্য, সহনশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা, ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ সরকারি-বেসরকারি নানা আয়োজন করা হয়েছে।
আজ সরকারি ছুটি থাকায় মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মুসলিম উম্মাহ সর্বত্রই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
আপনার মতামত লিখুন :