চার দফা দাবি আদায়ে আজ থেকে গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

পল্লী বিদ্যুৎ সিস্টেমে সংস্কার, চাকরির বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবি আদায়ে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সারা দেশের গ্রামীণ বিদ্যুৎ সেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি বলেন,

“একাধিকবার কমিটি গঠন ও সংকট সমাধানের আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। বরং, আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে চলমান হয়রানি চরমে পৌঁছেছে।”

🔹 চার দফা দাবির মূল বিষয়সমূহ:

১. আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি এবং সব চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক, পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ।

২. মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল, সাময়িক বরখাস্ত ও অন্যায়ভাবে বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের পদায়নে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।

৩. ২০২৫ সালের ১৭ আগস্ট থেকে অদ্যাবধি বরখাস্ত, চাকরিচ্যুত ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের আগের কর্মস্থলে পুনর্বহাল। জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে পুনঃপদায়ন।

৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।