ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ, নগর ভবনে দুদকের অভিযান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ির জ্বালানির ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আজ রোববার রাজধানীর নগর ভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদক জানায়, নগর ভবনের কার্যক্রম চলছিল না এমন সময়েও জ্বালানি বাবদ বিপুল অঙ্কের টাকা খরচ দেখানো হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দাবি করে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। অথচ সেই সময়েও কর্মকর্তাদের বরাদ্দকৃত গাড়িতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়। ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতি মাসে জ্বালানির খাতে ব্যয় দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা।

অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও হিসাব-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। দুদক বলছে, প্রমাণ মিললে এই দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগর ভবনে চলমান এই অভিযান ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।