“অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল দিচ্ছে।”

বাসাইলে পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা, এলাকায় উত্তেজনা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্রসমাবেশ ঘিরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ফলে আজ রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সেনা টহল চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম জানান, একই সময়ে একই স্থানে দুটি পক্ষের সমাবেশ হলে সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা থাকায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্রসমাজের ব্যানারে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা পক্ষের অভিযোগ, আগে থেকে অনুমতি নেওয়ার পরও সমাবেশ বানচালের চেষ্টা হচ্ছে। অন্যদিকে ছাত্রসমাজ বলছে, আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ করতেই তাদের উদ্যোগ।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।