হাটহাজারীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টকে কেন্দ্র করে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

পুলিশ জানায়, আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মাদরাসার সামনে দিয়ে মিছিল চলাকালে অবমাননাকর ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় কওমি জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষোভে তারা চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।

পরে আরিয়ান ইব্রাহিম ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের শান্ত হতে ও সড়ক ছেড়ে ভেতরে চলে যাওয়ার আহ্বান জানায়। কয়েক ঘণ্টার বিক্ষোভের পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন জানান, রাত সাড়ে ১১টা থেকে মিরেরহাট থেকে এগারোমাইল সাবস্টেশন পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রবিবার বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে। ওই সময় পর্যন্ত এলাকায় যেকোনো সমাবেশ, মিছিল বা বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।