টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল। রাজধানীসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের ঘুরে বেড়ানো ও ভাঙচুর চালানোর দৃশ্য দেখা গেছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড, শের বাহাদুর দেউবা ও জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
চলমান আন্দোলনে প্রধানমন্ত্রী ওলির ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং সরকারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
পরিস্থিতি ঘিরে প্রতিবেশী ভারত সতর্কতা জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বসবাসরত ভারতীয়দের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে নয়াদিল্লি জানায়, সহিংসতায় বহু তরুণের প্রাণহানিতে তারা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
ভারত আশা প্রকাশ করেছে, নেপালের সংকট শান্তিপূর্ণ সংলাপ ও সংযমের মাধ্যমে সমাধান হবে।
আপনার মতামত লিখুন :