দেড় দশকে ১৩ সরকার, নেপালে রাজনৈতিক অস্থিরতার ইতিহাস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

হিমালয়ের কোলে ভারত–চীনবেষ্টিত নেপালে চলমান বিক্ষোভ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি ২০০৬ সালের গণআন্দোলনের চেয়েও সহিংস হয়ে উঠেছে জেনারেশন জেডের নেতৃত্বাধীন এই আন্দোলন।

২০০৬ সালের আন্দোলনে ১৮ জন নিহত হয়, যার মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে এবং ২০০৮ সালে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করে। তবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দেড় দশক পরও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। এর পর থেকে দেশটিতে একে একে গঠিত হয়েছে ১৩টি সরকার। ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে, বেড়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।

চলতি বছরের মার্চেই সাবেক রাজার সমর্থনে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ হয়, যেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুজন। কিন্তু সাম্প্রতিক তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন সেই সবকিছুকেই ছাপিয়ে গেছে।

সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার রাবার বুলেট, জলকামান ও গুলি ব্যবহার করে। এতে অন্তত ১৯ জন প্রাণ হারান। কারফিউ জারি করেও আন্দোলন দমন করা সম্ভব হয়নি। তরুণদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হন। এর জেরে প্রধানমন্ত্রীসহ অন্তত তিন মন্ত্রী পদত্যাগে বাধ্য হন।

তবে পরিস্থিতি শান্ত হয়নি। বিক্ষোভকারীরা সরকারি অবকাঠামো, প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে। বিশ্লেষকদের মতে, আন্দোলনকারীদের দাবি এখন কেবল প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়, পুরো সরকারের বিলুপ্তি—যা নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর করতে পারে।

সূত্র: আল জাজিরা