জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ধৈর্য ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
বুধবার এক বিবৃতিতে নুর আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তার মতে, ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো ছায়ামুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণে নিবেদিত।
তিনি আরও বলেন, ক্যাম্পাস হতে হবে জ্ঞানচর্চা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রাণকেন্দ্র।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিতদের প্রতি আহ্বান জানিয়ে নুর ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ক্যালেন্ডারভুক্ত করার উদ্যোগ নেওয়ার দাবি জানান, যেন প্রতিবছর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :