চীন-ভারতের ওপর শুল্ক আরোপে ইইউকে ট্রাম্পের আহ্বান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনা হয়। সেখানে ট্রাম্প এই প্রস্তাব দেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে।

ট্রাম্প বলেন, চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা হওয়ায় তাদের ওপর চাপ তৈরি করলে রুশ অর্থনীতি বড় ধাক্কা খাবে। এর মাধ্যমে পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করা সম্ভব হতে পারে। এ ছাড়া তিনি জানান, খুব শিগগিরই পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত ছিল।

বিশ্লেষকদের মতে, ইইউ যদি চীন ও ভারতের ওপর শুল্ক আরোপ করে, তবে এটি রাশিয়াকে বিচ্ছিন্ন করার কৌশলে নতুন ধাপ হবে। এখন পর্যন্ত ইইউ মূলত নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

সূত্র : বিবিসি