উপদেষ্টা পরিষদে আসছে রদবদল, যুক্ত হবে নতুন মুখ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

বাংলার মুখ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। আগামী এক মাসের মধ্যে কয়েকজন উপদেষ্টাকে দপ্তর থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যুক্ত করা হবে নতুন কিছু মুখ। বিশেষ করে ছাত্র প্রতিনিধি দুজনসহ কয়েকজন বিতর্কিত উপদেষ্টার দপ্তর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, তিনটি কারণে এ রদবদল হচ্ছে—নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো, বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং অতিরিক্ত চাপ কমাতে কিছু দপ্তরে নতুন মুখ আনা। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়ার লক্ষ্যেই এ উদ্যোগ।

বর্তমানে ২২ জন উপদেষ্টার হাতে রয়েছে ৪১টি মন্ত্রণালয়। তাঁদের মধ্যে কেউ কেউ একসঙ্গে তিনটি পর্যন্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একাই সামলাচ্ছেন পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ।

অন্যদিকে, উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টিটিভের সংখ্যা বাড়তে যাচ্ছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীদের দপ্তরেও রদবদল হবে বলে জানা গেছে। বড় মন্ত্রণালয় থেকে কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে ছোট মন্ত্রণালয়ে পাঠানো হবে, আবার ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে দেওয়া হবে বড় দায়িত্ব।

সূত্র মতে, নতুন চমক হিসেবে সরকারের ভেতর-বাহির উভয় স্থান থেকে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে উপদেষ্টা পরিষদে।