আন্তর্জাতিক ডেস্ক
রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির সুপারিশে শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা কার্কি, যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। ছয় মাস মেয়াদী এই সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে।
শপথের আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও চলমান ‘জেন-জি বিপ্লব’ আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সর্বসম্মতভাবে সুশীলাকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। শপথ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী কার্কির পা ছুঁয়ে আশীর্বাদ নেন আন্দোলনের তরুণ নেতা সুদান গুরুং।
গত সপ্তাহে জেন-জি আন্দোলন সহিংস রূপ নেয়। ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা সংসদ ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৯ জন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আন্দোলনের মূল ইস্যু ছিল দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ভোগবিলাসী জীবনযাপন।
উল্লেখ্য, ২০১৬ সালে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি। এবার তিনি নতুন করে ইতিহাস গড়লেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে।
আপনার মতামত লিখুন :