বাংলার মুখ ডেস্ক
সিলেটের বহুল আলোচিত সাদা পাথর লুটপাট মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-৯ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
আপনার মতামত লিখুন :