বাংলার মুখ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে পুলিশ ও আনসারের কড়া পাহারায় বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।
তবে অবরোধকারীরা রাস্তার পাশে ব্যানার হাতে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। ভাঙ্গা উপজেলার পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও মনসুরাবাদ এলাকায় সকাল থেকেই আন্দোলনকারীরা জড়ো হলেও পুলিশি তৎপরতায় তারা সড়ক ফাঁকা রাখেন। ফলে সড়ক ও রেলপথে চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, জনদুর্ভোগ এড়াতে পুলিশ কঠোর নজরদারি করছে। আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান করছেন।
এদিকে, অবরোধকারীদের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেটের প্রতিবাদে স্থানীয়রা তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরই দ্বিতীয় দিন আজ চলছে।
আপনার মতামত লিখুন :