বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সবকটি জলকপাট


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বাংলার মুখ ডেস্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

হঠাৎ পানি বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নদীপাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতোমধ্যে কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পানির স্তর বাড়তে থাকলে চরাঞ্চল ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জলকপাট খোলা রাখা হয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীপাড়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।