মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: আশ্বাস দিলেন ট্রাম্প


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না। গত সপ্তাহে দোহায় ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠার পর ঘনিষ্ঠ মিত্র কাতারকে এ আশ্বাস দেন তিনি। খবর আনাদোলুর।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে আর আঘাত হানবেন না। তিনি কাতারকে ‘ভালো মিত্র’ উল্লেখ করে বলেন, হামাস নেতাদের বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নিতে পারেন নেতানিয়াহু, তবে কাতারে হামলা করবেন না।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছিল, কাতারে হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে ট্রাম্প তা নাকচ করে দিয়ে বলেন, তিনি অন্য সবার মতোই ঘটনার সময় খবর পেয়েছেন। হোয়াইট হাউসও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে অবহিত করে, তখন ট্রাম্পের আপত্তি জানানোর সুযোগ ছিল না।

এদিকে, দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে কাতারে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের নেতারা। তারা বলেছেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সম্মেলনে অংশ নেওয়া নেতারা একযোগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা কাতারের প্রতি সংহতি প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।