ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধের চেষ্টা করলে পুলিশ স্থানীয়দের সড়ক থেকে সরিয়ে দেয়।
ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, সকালে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনার পথে গিয়েছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। ভাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।
অপরদিকে আন্দোলনকারীরা জানাচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তাদের ভাষায়, এই আন্দোলন প্রাণের দাবি, শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন। শান্তিপ্রিয় হলেও অবিচারের প্রতিবাদে তারা রাজপথ ছাড়বেন না বলেও জানান। প্রয়োজনে রাত কাটাবেন মহাসড়কেই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিরদী ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ, পুকুরিয়া ও সুয়াদী এলাকার বাজার ও দোকানপাট আংশিকভাবে খোলা থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার গতরাতে নিরাপত্তাহীনতায় নিজেদের বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার থেকে টানা তিন দিনের অবরোধ পালন করছেন স্থানীয়রা। এই পুনর্বিন্যাস নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :