জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে মায়া বলেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তার বিরুদ্ধে দলের ভেতরে যেভাবে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে, তা তার নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না।
তিনি আরও বলেন, রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস হারানোর আগেই তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। পদত্যাগের সিদ্ধান্ত কোনো ব্যক্তির প্রতি আঘাত হানার উদ্দেশ্যে নয়। তিনি দেশের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
মায়া অভিযোগ করেন, ৪ আগস্ট তিনি এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থাতেই তিনি নিজেকে দল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর কেন্দ্র কী সিদ্ধান্ত নেবে, সেটা তো কেন্দ্রের ব্যাপার। আমার ধারণা, হয়তো এজন্যই সে আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন :