ঢাকা, ১৬ সেপ্টেম্বর: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ছিদ্দিকুর রহমান রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে সমাজকল্যাণ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়-অসঙ্গত সম্পদ গড়ে তোলেন। তদন্তে দেখা যায়, তিনি ৩১ কোটি ২৯ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।
২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে তার নামে খোলা ৫৭টি ব্যাংক হিসাবে ৮৮ কোটি ৮২ লাখ টাকার বেশি জমা হয় এবং প্রায় একই অঙ্কের অর্থ উত্তোলন করা হয়। মোট ১৭৭ কোটিরও বেশি টাকার এই লেনদেনকে দুদক অস্বাভাবিক ও সন্দেহজনক বলে চিহ্নিত করেছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :