মানবপাচারের অভিনব কৌশল

জাপানের বিমানবন্দরে ধরা পড়লো পাকিস্তানের ‘নকল ফুটবল দল’


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মানবপাচারের অভিনব কৌশল উদঘাটন করেছে জাপানি কর্তৃপক্ষ। পাকিস্তান থেকে ফুটবল খেলোয়াড় সেজে জাপানে প্রবেশের চেষ্টা করছিল ২২ জনের একটি দল। তবে বিমানবন্দরে নথি জাল প্রমাণিত হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে দলটি জাপানে গিয়েছিল। মূল হোতা মালিক ওয়াকাস ভুয়া ক্লাব গড়ে তাদের অল্প সময় প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় সাজাতেন। প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছিল প্রায় ৪০ লাখ রুপি (১৩-১৫ হাজার মার্কিন ডলার)।

জাপানে খেলার সময়সূচি পর্যন্ত জাল নথিতে উল্লেখ ছিল। কিন্তু কর্তৃপক্ষ দ্রুতই ভুয়া নিবন্ধন সনদ ও জাল ছাড়পত্রসহ অসংগতি ধরে ফেললে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুজরানওয়ালা থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি ও ভুয়া লেটারহেডসহ বিভিন্ন প্রমাণ জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সীমান্তে কড়াকড়ি বাড়ায় পাচারকারীরা এখন বিমানযাত্রা ও ছদ্মবেশে মানুষ পাঠানোর চেষ্টা করছে। প্রতিটি অভিযানে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়। ওয়াকাসের বিরুদ্ধে এর আগেও একাধিক মানবপাচারের মামলা রয়েছে।