প্রবাসে থেকেও ভোট নয়: শেখ হাসিনা ও পরিবারের এনআইডি লক, ইসির ব্যাখ্যা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থান করলেও ভোট দিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের এনআইডি লক থাকায় ভোটার হিসেবে নিবন্ধন সম্ভব নয় বলে বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হচ্ছে। তবে যাদের এনআইডি লক করা আছে তারা এই সুযোগ পাবেন না। শুধু বৈধ এনআইডি থাকলেই নিবন্ধন করা যাবে। পাসপোর্ট দিয়ে নয়, কেবল এনআইডি দিয়েই প্রবাসে ভোট দেওয়ার সুযোগ থাকবে।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার নির্দেশনায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সন্তান সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদসহ পরিবারের মোট ১০ সদস্যের এনআইডি লক করে দেওয়া হয়। ফলে প্রবাসে থেকেও তাদের ভোট দেওয়া সম্ভব নয়।

আওয়ামী লীগের অনেক নেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার তাদের দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিলেও ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে। তবে এনআইডি লক থাকলে তারা কেউই ভোট দিতে পারবেন না।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তার ও পরিবারের সদস্যদের ভোটাধিকার কার্যত স্থগিত হয়ে আছে এনআইডি লকের কারণে।