বেক্সিমকো গ্রুপের বন্ধ হয়ে যাওয়া ১৫টি কারখানা আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাপানের প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের ই–কমার্স প্রতিষ্ঠান ইকোমিলি যৌথভাবে প্রায় ২৪৫ কোটি টাকা (দুই কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করতে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের সম্মতিও মিলেছে এ উদ্যোগে। এখন অপেক্ষা কেবল ত্রিপক্ষীয় চুক্তির—রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকোর মধ্যে।
কারখানাগুলো চালুর পর আবারও পোশাক রপ্তানি শুরু হবে জারা, মার্কস অ্যান্ড স্পেনসার, টার্গেট, আমেরিকান ইগল, পুল অ্যান্ড বিয়ার ও বেস্ট সেলার-এর মতো বড় বিদেশি ক্রেতাদের কাছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সচল করতে রিভাইভাল ও ইকোমিলি মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে।
প্রথম পর্যায়ে দুই কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি ভবিষ্যতে আরও ১০ কোটি ডলার ঋণের আশ্বাস দেওয়া হয়েছে বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক-এর সহযোগিতায়। এর মাধ্যমে কারখানা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের কাছে খেলাপি। তাই ব্যাংকের ঋণ পুনঃতফসিলের বিষয়ে সমঝোতা করতেই রিভাইভালের সঙ্গে বৈঠক হয়েছে।
উল্লেখ্য, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার আগেই বেক্সিমকোকে ৫৮৫ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছিল, যা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ছয় মাস ধরে বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতিও নষ্ট হওয়ার পথে।
শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, দেশের অর্থনৈতিক প্রবাহ সচল রাখা এবং কর্মসংস্থান নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে কারখানাগুলো পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :