সাতক্ষীরায় ট্রান্সফরমার বিস্ফোরণ

সাতক্ষীরায় গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে জেলা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের পর শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে।