ইউরোপ জুড়ে এক ভয়াবহ সাইবার হামলা

সাইবার হামলায় ইউরোপে শত শত ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

ইউরোপ জুড়ে এক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় অচল হয়ে পড়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল হয়েছে।

সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেসের মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে। আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় সেবা দেওয়ার চেষ্টা চলছে। উল্লেখ্য, ইউরোপভিত্তিক বেশিরভাগ এয়ারলাইন্সই এ প্রতিষ্ঠানের পরিষেবার ওপর নির্ভরশীল।

ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে এ বিপর্যয় শুরু হয়। এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং গড়ে এক ঘণ্টা দেরিতে ফ্লাইট ছাড়ছে।

তবে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং প্রভাব ন্যূনতম থাকবে। ইজি জেটও জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এ ঘটনার বাইরে রয়েছে। পোল্যান্ডও জানিয়েছে, তাদের বিমানবন্দর নিরাপদ।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার জানিয়েছেন, তিনি নিয়মিত এ ঘটনার খোঁজখবর রাখছেন। এদিকে ইউরোপজুড়ে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

সূত্র : রয়টার্স