টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

রাজধানীতে আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১০৫ মিলিমিটার।

হঠাৎ ভারী বর্ষণে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিনরোড, কারওয়ান বাজার, নিউমার্কেট, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে কর্মজীবী মানুষ বিশেষ করে অফিসগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল সাড়ে ১০টার দিকেও নিউমার্কেট ও আশপাশের সড়কে পানি আটকে ছিল।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আজকের পর রাজধানীতে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, আগামী বুধবার আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।