স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজায় শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে তিনি বলেন, এবারের পূজার আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে। কোথাও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরাও নিরাপত্তায় যুক্ত হবেন।

তিনি আরও জানান, পূজা নির্বিঘ্নে আয়োজনের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা যেন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেজন্য পূজা কমিটির সঙ্গে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।